২০২১ অর্থ বছরে রেকর্ড পরিমাণ বিক্রি ও মুনাফা বেড়েছে টয়োটার

১২ মে, ২০২২ ০১:৪০  
সেমিকন্ডাক্টরের বৈশ্বিক ঘাটতি থাকা স্বত্বেও ২০২১ অর্থ বছরে টয়োটা মোটর রেকর্ড পরিমাণ বিক্রয় এবং নিট মুনাফা সম্পর্কে জানিয়েছে। উত্তর আমেরিকা এবং এশিয়ায় শক্তিশালী বিক্রির পাশাপাশি ডলারের বিপরীতে ইয়েনের দুর্বল হয়ে পড়াকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে তারা। খবর এনএইচকে। জাপানি মোটরগাড়ি নির্মাতা জানায় যে, মার্চ মাসে শেষ হওয়া অর্থ বছরে বিক্রির পরিমাণ ছিলো ৩১ লাখ ৩০ হাজার কোটি ইয়েনের একটু বেশি বা প্রায় ২৪ হাজার কোটি ডলার, যা পূর্ববর্তী বছরের তুলনায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া, কোম্পানিটির নিট আয়ের পরিমাণ ২৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ লাখ ৮৫ হাজার কোটি ইয়েন বা প্রায় ২ হাজার ১৮০ কোটি ডলারে উন্নীত হয়েছে। তবে টয়োটা বর্তমান অর্থ বছরের জন্য তাদের নিট মুনাফার পূর্বাভাস নিম্নমুখী করে নিয়ে ২ লাখ ২৬ হাজার কোটি ইয়েন বা প্রায় ১ হাজার ৭০০ কোটি ডলারে নির্ধারণ করেছে। কাঁচামালের মূল্য বৃদ্ধি এবং আংশিকভাবে ইউক্রেনে রুশ আগ্রাসনের ফলে বৈশ্বিক অর্থনীতির মন্থর হয়ে পড়াকে তারা কারণ হিসেবে তুলে ধরেছে। ডিবিটেক/বিএমটি